কাঞ্চননগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। কাঞ্চননগর ইউনিয়নের আয়তন ১৪,৬১২ একর (৫৯.১৩ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঞ্চননগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,২৫৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,৩৬৮ জন এবং মহিলা ১৪,৮৯০ জন। মোট পরিবার ৫,৪২৭টি।
ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে কাঞ্চননগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পাইন্দং ইউনিয়ন ও ফটিকছড়ি পৌরসভা, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভা ও লেলাং ইউনিয়ন, পূর্বে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়ন ও মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

কাঞ্চননগর ইউনিয়ন | ফটিকছড়ি উপজেলা | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম বিভাগ | বাংলাদেশ
কাঞ্চননগর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- উত্তর কাঞ্চননগর
- মধ্য কাঞ্চননগর
- দক্ষিণ কাঞ্চননগর
- পশ্চিম কাঞ্চননগর
- মানিকপুর
- ১৭নং লট রক্তছড়ি
- আরাজি ফেনুয়া
১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কাঞ্চনপুর এবং মানিকপুর এই দুইটি গ্রাম নিয়ে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ গঠন করেন। বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে, বহুকাল পূর্বে জনমানবহীন এই এলাকাটি গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল ও এখানে জ্বীন পরীরা বাস করত। কাঞ্চনপরী ছিল জ্বীনপরীদের সর্দার। পরবর্তীকালে ধর্মপ্রচারক মনগাজী শাহ্ ও রুস্তম ফকির এই বিরল জনপদে এসে আস্তানা গড়ে তোলেন এবং জ্বীন পরীদের ছেলেমেয়েদের শিক্ষাদান করেন। তবে জ্বীন পরীরা বেশি দিন এখানে থাকতে পারেনি। জ্বীন সর্দার কাঞ্চন পরীর নাম হতে এলাকার নাম কাঞ্চনপুর বা কাঞ্চননগর হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঞ্চননগর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৮%। এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
- মাধ্যমিক বিদ্যালয়
- কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়
- শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা
- কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা
- মানিকপুর রুস্তমিয়া দাখিল মাদ্রাসা
- দক্ষিণ কাঞ্চননগর খাদেমুল ইসলাম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- ইঞ্জিনিয়ার এস এম ফরহাদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর মোহাম্মদ রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর সতীশ মহাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্বেতকুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী জান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইবতেদায়ী মাদ্রাসা
- কাঞ্চননগর রহমানিয়া মইনিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা
- মানিকপুর গাউছিয়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

কাঞ্চননগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-কাঞ্চননগর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। কাঞ্চননগর ইউনিয়নে ৩৩টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১৭টি মন্দির রয়েছে। কাঞ্চননগর ইউনিয়ন চট্টগ্রাম-এর শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত। কাঞ্চননগর-ইউনিয়ন থেকে শীতকালে প্রচুর পরিমাণে শীতকালীন সবজী চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শহরে যোগান দিয়ে থাকে। বিশেষ করে মুলা, বেগুন (বিশেষ জাতের শুতা বেগুন), মিষ্টি মরিচ, ফুলকপি, পাতাকপি, শিম, মিষ্টি কুমড়া, দেশীয় জাতের আলু, মিষ্টি আলু, বিভিন্ন প্রজাতির শাক সহ অরো অনেক রকমের সবজী।
কাঞ্চননগর-ইউনিয়নে প্রচুর পরিমানে মুলা ও বেগুন জন্মে। চট্টগ্রামের সিংহভাগ সবজি এই ইউনিয়ন থেকে সরবরাহ করা হয়। কাঞ্চননগর-ইউনিয়নে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। কাঞ্চননগর-ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাঞ্চননগর ধুরুং খাল। কাঞ্চননগর-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পূর্ব তেমুহনী বাজার, পশ্চিম তেমুহনী বাজার, রাজা রাস্তার বাজার, কাঞ্চুরহাট এবং ছমুরহাট।
কাঞ্চননগর-ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:
- রুস্তম ফকির জামে মসজিদ; দক্ষিণ কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
- উকিল বাড়ী জামে মসজিদ; দক্ষিণ কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
- হযরত আবদুল গণি কাঞ্চনপুরী (রহঃ) মাজার; মানিকপুর গ্রামে অবস্থিত।
- হযরত আব্দুল মালেকশাহ্ (রহঃ) এর মাজার;দক্ষিণ কাঞ্চন নগর গ্রামে অবস্থিত।
- হযরত আব্দুল হাদী কাঞ্চনপুরী (রহঃ) এর মাজার; দক্ষিণ কাঞ্চন নগর গ্রামে অবস্থিত।
- কাঞ্চননগর জগন্নাথ মন্দির; মধ্য কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
- কাঞ্চননগর রক্তছড়ি চা বাগান; ১৭নং লট রক্তছড়ি গ্রামে অবস্থিত।
- জেরিননগর চা বাগান।
- কাঞ্চননগর রাবার বাগান।

