খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই জুন ২০০০, ১২:৫৪ পিএম

বাগানবাজার বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। বাগানবাজার ইউনিয়নের আয়তন ৪৭,২৫১ একর (১৯১.২২ বর্গ কিলোমিটার)। এটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাগানবাজার ইউনিয়নের মোট জনসংখ্যা ৪০,৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৭৭৩ জন এবং মহিলা ২০,৭২৩ জন। মোট পরিবার ৮,২৯১টি।
ফটিকছড়ি উপজেলার সর্ব-উত্তর এবং সর্ব-পশ্চিমে বাগানবাজার ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ও সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন; দক্ষিণে হারুয়ালছড়ি ইউনিয়ন ও দাঁতমারা ইউনিয়ন; পূর্বে হারুয়ালছড়ি ইউনিয়ন, ভূজপুর ইউনিয়ন, নারায়ণহাট ইউনিয়ন, দাঁতমারা ইউনিয়ন, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ও রামগড় ইউনিয়ন এবং উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

বাগানবাজার-ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। ফটিকছড়ি উপজেলার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ১নং বাগানবাজার-ইউনিয়ন। এটি ফটিকছড়ি উপজেলার মধ্যে সর্ব বৃহৎ এবং সর্ব প্রথম। ৯টি ওয়ার্ড এবং ৫৪ গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়ন। ইউনিয়নের নামকরণ সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে, এই অঞ্চলে এক সময় কয়েকটি বাগান ছিলো, পরে কোন একটি বাগানের পাশে দোকান হয়। কালক্রমে ঐ দোকান হাটে পরিণত হওয়ায় এলাকাটি বাগানবাজার নামে পরিচিতি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাগানবাজার ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৬%। এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ২২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ফটিকছড়ি উপজেলার আওতাধীন বাগানবাজার-ইউনিয়ন অত্যন্ত দুর্গম একটি ইউনিয়ন। এ ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল মীরসরাই-রামগড় সড়ক, নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং ফটিকছড়ি-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। বাগানবাজার-ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী নদী। বাগানবাজার-ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাগান বাজার, নতুন বাজার, চিকনছড়া বাজার এবং আঁধারমানিক রাস্তার মাথা বাজার।

মন্তব্য